ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ৩ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মিত হলে জেলাব্যাপী রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল হবে। ফলে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যোগ হবে।
তিনি বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সুহেল, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সদস্য ডা. সৈয়দ মনোয়ার আলী, ইজাজুল হক চৌধুরী নাসিম, আব্দুস সাত্তার মোঃ মামুন, মোঃ আশরাফ হোসেন লিটন, এড মোঃ আনিসুজ্জামান, রায়হানা মঞ্জুর চৌধুরী, মোঃ শামসুর রহমান, মোঃ মাহবুবুর রহমান পীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মানবিক সেবা কার্যক্রম আরও সম্প্রসারণে নতুন ভবনের গুরুত্ব তুলে ধরেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ভবনটি নির্মাণ সম্পন্ন হলে সুনামগঞ্জ জেলায় রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক ও সুবিধাসম্পন্ন অবকাঠামো গড়ে উঠবে। যা স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে নতুন ভবনের সফল নির্মাণ ও রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের অগ্রগতি কামনা করা হয়।
এদিকে এর আগে সকাল ১২টায় মোঃ মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ৪২ লাখ ৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মাণাধিন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরের রাস্তার আরসিসি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন এবং পরিবহন শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।