প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ ২০:০৮ (শনিবার)
সিলেটে আওয়ামী লীগের ওপর কড়া নজরদারি

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে সতর্ক অবস্থানে থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সারা দেশের মতো সিলেট মহানগরীতেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কোনো ইস্যুকে কেন্দ্র করে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে নেমে কর্মসূচি পালন করতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম।

এর আগে গত মঙ্গলবার সকালে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে নগরীর নবাবরোড এলাকায় দলটির ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। মিছিলের পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। পরে আরও দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিলে দলটির সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে পারেন। এ কারণে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর বলছে, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।