প্রকাশিত : ২০ জুন, ২০২৬ ১৪:৩২ (রবিবার)
সিলেটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: অর্ধশত নেতাকর্মীর নামে মা/মলা

সিলেট মহানগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) কোতোয়ালী থানায় এসআই মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২০০৯ সালের সংশোধিত আইনের বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন সিলেট নগরের নয়াসড়ক এলাকার ইব্রাহিম মোস্তফা মাহী (২০), কালিবাড়ি শাহজালাল আবাসিক এলাকার সানিয়াদ আহমদ (১৯), একই এলাকার আশরাফুল আহমদ শাহী (২৫), নোয়াপাড়া এলাকার রেদোয়ান আহমদ রাব্বী (২৪), মুন্সিপাড়া এলাকার মো. সাবিক আহমদ (৩১) এবং বিলপাড় এলাকার ফুয়াদ আহমদ (৩২)। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ থাকা অন্যদের মধ্যে রয়েছেন মহানগর ও জেলার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের একাধিক সাবেক ও বর্তমান নেতা। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্য আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার আসামিরা হলেন, সিলেট নগরীর নয়াসড়ক ঠিকানা টাওয়ারের ইব্রাহিম মোস্তফা মাহি (২০), কালিবাড়ি শাহজালাল আবাসিক এলাকার ৭ নম্বর বাসার সানিয়াদ আহমদ (১৯), তার ভাই আশরাফুল আহমদ শাহী (২৫), নোয়াপাড়া বন্ধন বি-২৩ নম্বর বাসার রেদোয়ান আহমদ রাব্বি (২৪), মুন্সিপাড়ার ১৬/জি নম্বর বাসার মো. সাবিক আহমদ (৩১), সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ (৩৭), মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমদ তালুকদার (৩৭), করেরপাড়ার বাসিন্দা মহানগর ছাত্রলীগ নেতা তানভীর আহমদ (৩৭), জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ হোসেন খান (২৯), সিলেট লিডিং ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম আহমদ (৩২), জেলা ছাত্রলীগ নেতা সঞ্জয় সরকার (৩০), নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি দীপরাজ দাশ দিপায়ন (২৮), শাহপরাণ মুক্তিরচকের সাহেল হোসেন (২৮), হাওলাদারপাড়ার তারেকুর রহমান রাফি (৩০), মোহাম্মদ আবাসিক এলাকার সাব্বির খান (৩০), ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইয়ামিন আহমদ সোহান (২৬), জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রূপম কান্তি দাশ (৩০), বিলপাড় ৪২ নম্বর বাসার ফুয়াদ আহমদ (৩২), মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মনির (২৯), কালিবাড়ির সমর সরকার (২০), ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লিজন, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাহি (২৮), ছাত্রলীগকর্মী ঘাসিটুলা মরাটিলার তরিকুল ইসলাম (৩০) ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা মো. লাবলু আহমদ (২৯)।

তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরের নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ঝটিকা বিক্ষোভ মিছিল করেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে বহন করা ব্যানারে দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং তাদের দাবি অনুযায়ী ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। মিছিলটির নেতৃত্ব দেন শাহরিয়ার আলম সামাদ।