প্রকাশিত : ২০ জুন, ২০২৬ ১৮:৩৫ (রবিবার)
সিলেটসহ ৪ জেলায় বন্যার আভাস

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেটসহ চার জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে দেশের কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী পাঁচদিন দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী পাঁচদিনে তা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী তিনদিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুইদিনে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিনদিন এ ধারা অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়েছে। আগামী তিনদিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট বিভাগের সারিগোয়াইন ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। যাদুকাটা, মনু ও ধলাই নদীর পানি কিছুটা কমলেও আগামী তিনদিনে এসব নদীর পানিও বাড়তে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।

এছাড়া ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেলেও ভুগাই নদীর পানি বেড়েছে। আগামী তিনদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার কিছু নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেলোনিয়া, গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতল কিছুটা কমলেও আগামী তিনদিনে এসব নদীর পানিও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।