ছবি: সংগৃহীত
পর্যটকদের জন্য বড় সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে টুরিস্ট ভিসা অনুমোদন পাওয়া যাচ্ছে। ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে এবং পর্যটন খাতকে আরও চাঙা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, দ্রুত ভিসা অনুমোদনের পাশাপাশি পর্যটকদের জন্য হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ফলে তুলনামূলক কম খরচে দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।
বর্তমানে দেশটিতে মাত্র ১৩৯ দিরহাম থেকে হোটেল কক্ষ বুকিংয়ের সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়া ডেজার্ট সাফারি, জেট স্কি, বাগি রাইডসহ বিভিন্ন জনপ্রিয় বিনোদনমূলক কার্যক্রমেও উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। আগাম বুকিং করলে খরচ আরও কমানো সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খালিজ টাইমসের প্রতিবেদনে সাশ্রয়ী ভ্রমণের জন্য কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বিদেশ ভ্রমণে পর্যটকদের সবচেয়ে বড় ব্যয়ের খাত সাধারণত আবাসন। তবে গ্রীষ্ম মৌসুমে অনেক হোটেল বিশেষ ছাড় দেয়। তাই অনলাইনে আগাম বুকিংয়ের পরিবর্তে গন্তব্যে পৌঁছে সরাসরি হোটেলের সঙ্গে যোগাযোগ করলে অনেক সময় আরও কম খরচে কক্ষ পাওয়া যেতে পারে।
ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, ‘গ্রীষ্মকালে দুবাই এখন অনেক বেশি সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেলের ভাড়া কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থানে বিশেষ অফার থাকায় পর্যটকরা আরামদায়কভাবে ঘুরে বেড়াতে পারছেন।’
পর্যটনসংশ্লিষ্টদের মতে, দ্রুত ভিসা অনুমোদন ও আকর্ষণীয় ছাড়ের কারণে আগামী দিনে সংযুক্ত আরব আমিরাতে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে সীমিত বাজেটে আন্তর্জাতিক ভ্রমণের জন্য দুবাই অনেক পর্যটকের কাছে অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠবে।