ছবি: সংগৃহীত
সিলেট অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২০ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। পাশাপাশি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামীকাল রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং বজ্রপাতের ঝুঁকি তৈরি হতে পারে।
এ অবস্থায় নৌযান চালকদের সতর্কতার সঙ্গে চলাচল এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।
সিলেটে কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নতুন এই সতর্কবার্তার ফলে জেলার বিভিন্ন নদী ও হাওরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে সতর্কতা বাড়ানো হয়েছে।