প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ১৮:৫৭ (সোমবার)
মেঘালয়ের বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ঝুঁকিতে সুনামগঞ্জ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা সদর ও তাহিরপুর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট এবং ভারতের মেঘালয় অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। কোথাও কোথাও পানি বিপৎসীমা স্পর্শ করারও আশঙ্কা রয়েছে, ফলে নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পাউবোর তথ্যমতে, জেলার সুরমা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বেড়েছে। তবে বর্তমানে নদীটির পানি এখনও বিপৎসীমার প্রায় ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ‘ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বাড়ছে। আগামী দুই দিন ভারী বৃষ্টিপাত হলে স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত জেলার কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।’

এদিকে, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। আনোয়ারপুর সড়কে ইতোমধ্যে পানি উঠে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘পাহাড়ি ঢলের কারণে সড়কটি পানির নিচে চলে গেছে। তবে ঢলের প্রবাহ কমে গেলে এবং পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওরাঞ্চলের বিভিন্ন নিচু এলাকা ইতোমধ্যে পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কৃষিজমি ও গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।