প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ১৯:০৫ (সোমবার)
৩৬ বছর পূর্তিতে ব্যতিক্রমী আয়োজন, টুলটিকরে স্বাস্থ্যসেবা ক্যাম্প

ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী টুলটিকরের অংকুর সাহিত্য পাঠাগারের গৌরবময় ৩৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ জুন) টুলটিকর গাজী বুরহান উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। জ্ঞানচর্চার পাশাপাশি মানবকল্যাণে অবদান রাখার প্রত্যয়ে আয়োজিত এ উদ্যোগে ৪২০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ১০৫ জনকে স্বাস্থ্যসেবা এবং ১৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা বিনামূল্যে প্রদান করা হয়। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, ‘একটি পাঠাগার শুধু বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; সমাজের মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই একটি প্রতিষ্ঠান তার প্রকৃত দায়িত্ব পালন করে। অংকুর সাহিত্য পাঠাগার সাহিত্যচর্চার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট উইমেন্স কলেজ হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি সাহিত্যভিত্তিক সংগঠন যখন মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে, তখন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করবে।’

পাঠাগারের সভাপতি মুজাম্মেল হোসেন ইমনের সভাপতিত্বে এবং কবি কামাল আহমদ ও প্রচার সম্পাদক অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুজাম্মেল হোসেন ইমন বলেন, ‘অংকুর সাহিত্য পাঠাগার প্রতিষ্ঠালগ্ন থেকেই বইপাঠ, সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। একটি আলোকিত সমাজ গঠনে জ্ঞানচর্চার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ।’

তিনি এ আয়োজন সফল করতে সহযোগিতা প্রদানকারী সিলেট ব্লাড ডোনেশন ও সূর্যের হাসি ক্লিনিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টুলটিকর জামে মসজিদের মোতাওয়াল্লি জুনেদ আহমদ, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ ফরহাদ হোসেন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, অভিনেতা ও সমাজকর্মী বেলাল আহমদ মুরাদ, পাঠাগারের প্রতিষ্ঠাতা সাজ্জাদ আহমদ সাজু, প্রতিষ্ঠাতা সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাবিল, উপদেষ্টা কয়েস আহমদ সাগর, টুলটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি মো. কাবুল আহমদ, বিশিষ্ট মুরব্বি শরীফ আহমদ ও আরিফুজ্জামান আরিফ, শিক্ষাবিদ শেখ সফিকুল ইসলাম, ফরিদা বেগম, বিমল দাস, সিলেট ব্লাড ডোনেশনের উপদেষ্টা আবুল বাসার বাদশা, কুশিঘাট প্রতিশ্রুতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাহীন আহমদ ও উপদেষ্টা পিয়ার উদ্দিন পিয়ার।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাঠাগারের সাংগঠনিক সম্পাদক লাভলু হোসেন রাজু, পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন শাহী, কার্যকরী সদস্য শাহরিয়ার আহমদ, রাহিব আহমদ, আবির হোসেন অনিসহ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ।

স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে সূর্যের হাসি ক্লিনিক ও সিলেট ব্লাড ডোনেশন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা সাহিত্যচর্চার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং অংকুর সাহিত্য পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।