প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ১৯:১৩ (সোমবার)
৫০তম বিসিএসেও থাকবে ১০০ নম্বরের ভাইভা

ছবি: সংগৃহীত

বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর পুনরায় ২০০-তে ফিরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে বর্তমানের ১০০ নম্বরের পদ্ধতিই বহাল রাখা হবে।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএসের ভাইভা পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকে নতুন এই পদ্ধতি কার্যকর হয়েছে। এছাড়া বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের ভাইভা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৫ সালের মে মাসে সংশোধিত বিধিমালার মাধ্যমে এই পরিবর্তনকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আগামী ৫০তম বিসিএসসহ ভবিষ্যতের সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের ভাইভা পদ্ধতিই অনুসরণ করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল, জবাবদিহিমূলক এবং বৈষম্যহীন হবে।