প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ১৯:২৪ (সোমবার)
আর্জেন্টিনা শিবিরে ৫০০ কেজি গরুর মাংস!

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে আগামীকাল সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

প্রতিপক্ষ হিসেবে অস্ট্রিয়া আলজেরিয়ার তুলনায় অনেক বেশি শক্তিশালী। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা ইউরোপের দলটি টানা চার ম্যাচে জয় পেয়েছে। শুধু তাই নয়, সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ১২ ম্যাচের ১০টিতে জিতেছে তারা, হেরেছে মাত্র একটিতে। ফলে ম্যাচটি আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বইছে উৎসবের আমেজ। এমিলিয়ানো মার্তিনেস, লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসদের দেখা গেছে এক ভিন্ন ভূমিকায়। বিশেষ করে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ও স্ট্রাইকার লাওতারো মার্তিনেস যেন রীতিমতো রাঁধুনিতে পরিণত হয়েছেন।

কয়েকদিন আগে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, খেলোয়াড়দের পরিচিত খাদ্যাভ্যাস বজায় রাখতে আর্জেন্টিনা থেকে প্রায় ৫০০ কেজি গরুর মাংস পাঠানো হয়েছে দলের বেসক্যাম্পে। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনা ও উরুগুয়ে মিলিয়ে প্রায় ৯০০ কেজি গরুর মাংস নিয়ে গিয়েছিল।

এই মাংস দিয়েই তৈরি হচ্ছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবার ‘আসাদো’। কয়লার আগুনে ধীরে ধীরে সেঁকা বা বারবিকিউ করা গরুর মাংসের এই পদ দেশটির সংস্কৃতির অন্যতম পরিচিত অংশ। ভুট্টা ও স্থানীয় শস্যের রুটির সঙ্গে পরিবেশিত এই খাবার আর্জেন্টাইনদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

মাংসের চালান পৌঁছানোর পর আসাদো তৈরিতে নিজেই নেমে পড়েন এমিলিয়ানো মার্তিনেস। গোলপোস্টের নিচে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি এবার রান্নাঘরেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। নিজ হাতে তৈরি খাবার সতীর্থদের পরিবেশন করতেও দেখা গেছে তাকে।

তবে আর্জেন্টিনা যে শুধু খাওয়া-দাওয়া আর আড্ডাতেই ব্যস্ত, বিষয়টি এমন নয়। নিয়মিত অনুশীলনেও কোনো কমতি রাখছেন না স্কালোনির শিষ্যরা। অনুশীলনের ফাঁকে খেলোয়াড়দের মধ্যে চলছে হাসি-ঠাট্টা আর খুনসুটি, যা দলের আত্মবিশ্বাস ও ইতিবাচক পরিবেশেরই প্রতিফলন।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আর্জেন্টিনা ও অস্ট্রিয়া এখন পর্যন্ত মাত্র তিনবার মুখোমুখি হয়েছে। ১৯৬৬ সালে প্রথম সাক্ষাতে ১-০ গোলে জিতেছিল অস্ট্রিয়া। ১৯৮০ সালে আর্জেন্টিনা ৫-১ গোলের বড় জয় পেয়েছিল, যে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। আর ১৯৯০ সালে দুই দলের শেষ সাক্ষাৎ ১-১ গোলে ড্র হয়েছিল।

৩৬ বছর পর আবার বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ম্যারাডোনার সেই হ্যাটট্রিকের স্মৃতি কি এবার নতুন করে ফিরিয়ে আনবেন মেসি? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।