প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ২০:৩৩ (সোমবার)
জকিগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবক, পাঁচ দিনেও মেলেনি সন্ধান

ছবি: ডিপজল আহমদ।

সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী উত্তরকূল তিন্নখাল এলাকা থেকে নিখোঁজ যুবক ডিপজল আহমদের (২৬) পাঁচ দিনেও কোনো সন্ধান মেলেনি। তাঁকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে নিয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ থাকলেও বিএসএফ এ ধরনের কোনো ঘটনার কথা অস্বীকার করেছে। ফলে ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় উদ্বেগ, উৎকণ্ঠা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ ডিপজল আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রাম গ্রামের বাসিন্দা আহমদ আলীর ছেলে। ঘটনার চার দিন পর গত শুক্রবার (১৯ জুন) তাঁর বাবা জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি সূত্রে জানা যায়, গেলো সোমবার (১৫ জুন) ডিপজল আহমদ কয়েকজনের সঙ্গে সীমান্ত এলাকায় কাজের উদ্দেশ্যে যান। পরে তাঁর সঙ্গীরা বাড়ি ফিরে এলেও ডিপজল আর ফেরেননি। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনার পর এলাকায় খবর ছড়িয়ে পড়ে, সীমান্ত দিয়ে মহিষ আনতে গিয়ে বিএসএফের গুলিতে ডিপজল আহত বা নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, গুলিবিদ্ধ হওয়ার পর বিএসএফ সদস্যরা তাঁকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

প্রথমদিকে এ ধরনের ঘটনার কোনো তথ্য না থাকার কথা জানায় বিজিবি-১৯ ব্যাটালিয়ন। পরে বৃহস্পতিবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠকে বিএসএফ জানায়, ডিপজল আহমদ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) বলেন, “ডিপজলের সঙ্গে থাকা লোকজন জানিয়েছেন, বিএসএফ গুলি চালিয়েছিল এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে নিয়ে যায়। কিন্তু পরে তারা কেন বিষয়টি অস্বীকার করছে, সেটি বোধগম্য নয়।”

পাঁচ দিন ধরে ডিপজলের কোনো সন্ধান না পাওয়ায় তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ এবং উৎকণ্ঠা বাড়ছে। তাঁরা দ্রুত ডিপজলের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী তিন্নখাল এলাকা থেকে রঞ্জিত দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা। পরে বুধবার বিজিবির মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ডিপজলের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি বিএসএফের কাছে আছেন, নাকি অন্য কোথাও অবস্থান করছেন- এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’

ডিপজলের রহস্যজনক নিখোঁজের ঘটনায় সীমান্ত এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁর সন্ধান পেতে প্রশাসন, বিজিবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।