প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ২১:০৬ (সোমবার)
কুয়ালালামপুর পৌঁছালেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সরকারি সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।