প্রকাশিত : ২২ জুন, ২০২৬ ১৪:৩৯ (মঙ্গলবার)
সিলেটের ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষো/ভ

সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল ও পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত ‘সিলেটের সর্বস্তরের জনগণ’ ও ‘সিলেট কল্যাণ সংস্থা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহারের পেছনে অশুভ শক্তির প্রভাব রয়েছে। তারা বলেন, তার সময়ে জনবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন হয়েছে এবং নাগরিক স্বার্থে নেওয়া পদক্ষেপগুলো সম্পন্ন করতে তাকে অন্তত আরও এক বছর দায়িত্বে রাখার সুযোগ দেওয়া উচিত। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সিলেটের মন্ত্রীদের সহযোগিতাও কামনা করেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরের কোর্ট পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। সেখানে জড়ো হয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

এর আগে রোববার (২১ জুন) বিকেলে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তখনও দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন ও হরতালের মতো কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে রোববার সারওয়ার আলমকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।

সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) মাজার ও হজরত শাহপরান (রহ.) মাজার-এর দান ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগকে কেন্দ্র করে সারওয়ার আলম আলোচনায় আসেন। বিশেষ করে মাজারের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করার ঘটনায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। তাছাড়া এর আগে পাথর লুট কান্ড এবং সিলেটের বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিশেষ করে ট্রেনের টিকেট কালোবাজারির বিষয়টি নিয়ে সিলেটসহ গোটা দেশজুড়ে বেশ আলোচিত হন সারওয়ার আলম।