ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে জুনের তৃতীয় সপ্তাহজুড়ে বিভিন্ন দেশের ১৮০ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ২২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
রোববার (২১ জুন) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসিতদের মধ্যে ২২ জন বাংলাদেশের, ১৩২ জন মিয়ানমারের, ১২ জন ভিয়েতনামের, ৯ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগ জানায়, এসব বিদেশি নাগরিককে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার ভবন আইসিকিউএস কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
প্রত্যাবাসনের বিমান টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, তাদের পরিবারের আর্থিক সহায়তা এবং বিশেষ কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বহন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসিত এসব বিদেশি নাগরিক মালয়েশিয়ার বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো সব বিদেশি নাগরিককে বিভাগীয় কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
অবৈধ অভিবাসন ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।