ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত কামরুল ইসলাম উপজেলার লেঙ্গুড়া গ্রামের কুতুব আলীর ছেলে।
সোমবার (২২ জুন) দুপুরে লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া নদীর পার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের শুরুতে কামরুল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের মেয়ে রুকছানা আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে তার বাম হাতে মারাত্মক জখম হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিল্লাল হোসেনের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে কামরুল ইসলামের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় তাকে হাত, পা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় কামরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত বিল্লাল উদ্দিন, রুকসানা বেগম এবং জুনেদ আহমদকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।