প্রকাশিত : ২২ জুন, ২০২৬ ২২:৫৪ (মঙ্গলবার)
শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’-এর সফল সমাপ্তি

ছবি: সাজু মারছিয়াং

বর্নিল আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সম্প্রীতির অনন্য বার্তা ছড়িয়ে শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এর সফল সমাপ্তি ঘটেছে। ২৭টি নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও বাঙালি সংস্কৃতির মনোমুগ্ধকর সমন্বয়ে আয়োজিত এ উৎসব দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গেলো ১৯ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এর পর্দা নামে ২১ জুন (রোববার) রাতে সমাপনী অনুষ্ঠান ও সম্মাননা প্রদান পর্বের মধ্য দিয়ে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্ম-সচিব সালেহা বিনতে সিরাজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, ফিনলে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল ইসলাম চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা রাজু বিশ্বাসসহ স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক অঙ্গন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিতা দেব।

তিন দিনব্যাপী এ উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ ঐতিহ্যের প্রদর্শনী, বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবনধারা ও সংস্কৃতির পরিচিতি, স্থানীয় পণ্য ও হস্তশিল্পের প্রদর্শনী এবং শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনা তুলে ধরার নানা আয়োজন। প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।

আয়োজকরা জানান, পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বহুমাত্রিকতা এবং পর্যটন শিল্পের বিকাশকে সামনে রেখেই হারমোনি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এ ধরনের উৎসব স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং পর্যটন খাতকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী শিল্পী, অতিথি, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সহযোগীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে যুগ্ম-সচিব সালেহা বিনতে সিরাজ বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শ্রীমঙ্গলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে। তিনি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সবার সম্মিলিত সহযোগিতার কারণেই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছে।’

তিনি আরও জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় আগামী বছরের ২০২৭ সালের জানুয়ারি মাসে হারমোনি ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিন দিনের এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও এর আনন্দ, সম্প্রীতির বার্তা এবং অসংখ্য স্মৃতি দীর্ঘদিন অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।