প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ ১৮:৫২ (বুধবার)
১১৫ দিন পর হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে দীর্ঘ ১১৫ দিন আটকে থাকার পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এ ঘটনাকে বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এটি বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত। সীমাহীন সাহসিকতা, সুনিপুণ নৌ-কৌশল এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক দিকনির্দেশনায় বাংলার জয়যাত্রা এক চরম সংকটময় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে।’

তথ্য উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যের তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা, যুদ্ধজনিত অস্থিরতা এবং দীর্ঘ অচলাবস্থা অতিক্রম করে জাহাজটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিকভাবে ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালি নিরাপদে পাড়ি দিয়েছে। জাহাজটিতে কর্মরত ৩১ জন নাবিকই বাংলাদেশি এবং তারা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টার দিকে ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করে।

এর আগে সোমবার জাহাজটি হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার জন্য ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমোদন পায় বলে জানিয়েছিলেন বিএসসির এক কর্মকর্তা।

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদে হরমুজ অতিক্রম করাকে দেশের সামুদ্রিক পরিবহন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।