প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ ২২:৩৩ (বুধবার)
মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় সিন্ডিকেট থাকবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

ছবি: আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আগামী জুলাই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়া সফর শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশই স্বচ্ছ প্রক্রিয়া এবং কম খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর ঢাকা সফরের সময়।

আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। এ বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে আর কোনোভাবেই কর্মী পাঠানো হবে না এবং পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালু করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ থেকে ২২ জুন অনুষ্ঠিত ওই সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর অনুরোধ জানান তিনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী মাসে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসবে।