মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা হস্তান্তর না করায় সাবেক মালিকদের আর্থিক ও আইনি জটিলতায় পড়ার ঘটনা বাড়ছে, এ অবস্থায় সংশ্লিষ্টদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
বুধবার (২৪ জুন) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক ক্ষেত্রে যানবাহন বিক্রির পর নতুন ক্রেতারা নির্ধারিত প্রক্রিয়ায় মালিকানা পরিবর্তন না করেই তা ব্যবহার করছেন। এর ফলে যানবাহনের কর, সারচার্জসহ অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। এই নিয়ম অনুসরণ না করলে অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায়ভার সাবেক মালিকের ওপর বর্তাতে পারে।
এ সমস্যা সমাধানে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করেছে বিআরটিএ। নির্দেশনা অনুযায়ী, প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করা হয় এবং একই দিন মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
একই সঙ্গে নতুন মালিকও একই দিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সনদের জন্য বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন বলে জানানো হয়েছে।
বিআরটিএ বলছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে নানা ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই আইন অনুযায়ী দ্রুত মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।