প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ ১৯:০৪ (বৃহস্পতিবার)
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল পৌণে ৫টা পর্যন্ত বিশ্বম্ভরপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নানাবিধ অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আনিকা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের স্বত্বাধিকারী আব্দুল আজিজকে ১০ হাজার টাকা, বিশ্বম্ভরপুর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক মো. নাজমুল হাসানকে ১৫ হাজার টাকা, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আবুল কাহারকে ১৫ হাজার টাকা এবং পলাশ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আবু সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।