প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ ১৯:১৯ (বুধবার)
১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান

ছবি: আব্দুল বাছিত সুজন।

দীর্ঘ প্রায় ১০ মাস পর নিজ দায়িত্বে ফিরেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ২নং জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

বুধবার (২৪ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। দীর্ঘদিন পর নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্বে ফিরে পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন ইউনিয়নের সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যানের ফিরে আসায় তারা স্বস্তি অনুভব করছেন। তারা আশা প্রকাশ করেন, চেয়ারম্যান সুজনের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবায় নতুন উদ্যমে কাজ হবে।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। জয়কলস ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং জনসেবার মান আরও বাড়াতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

এদিকে চেয়ারম্যানের দায়িত্বে ফেরাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও স্বস্তির চিত্র দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গতি আসবে।