মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ‘মিশন’ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটর ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিষ্ফোরক ও অস্ত্র উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় , সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান বাংলাদেশে অনুপ্রবেশের খবরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজন-এর নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত পিলার ১৩৮৫/এম হতে বাংলাদেশের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে অবস্থান নেয় এবং কয়েকজন দুষ্কৃতিকারীকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে; কিন্তু চোরাকারবারিরা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ারজেল নাইনটি’ বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি ধারালো কুকরি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানানো হয়।