প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ১৫:৩৫ (বৃহস্পতিবার)
ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে রবিবার

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত, আগামী রবিবার (২৮ জুন) থেকে এই ভিসার জন্য আবেদন করা যাবে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় দায়িত্ব গ্রহণের পরপরই সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আয়োজিত ওই সম্মেলনে তিনি বলেন, ট্যুরিস্ট ভিসার স্বাভাবিক আবেদন কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের সেন্টারগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে।

হাই কমিশনার আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিকেল ভিসার সুবিধা আগের মতোই চালু থাকবে। তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে।