ছবি: সংগৃহীত
সীমান্ত আইন মেনে চলা, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সচেতন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একইসঙ্গে সীমান্তবর্তী হতদরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিও পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়াম ভবনে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্তবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সীমান্ত আইন, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও ভিডিও কনটেন্ট তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের রচনা, চিত্রাঙ্কন ও ভিডিও কনটেন্টে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন প্রতিরোধ এবং এসব ক্ষেত্রে বিজিবির ভূমিকা তুলে ধরে।
প্রতিযোগিতায় রচনা বিভাগে ১৯ জন, চিত্রাঙ্কনে ১৫ জন এবং ভিডিও কনটেন্ট বিভাগে ১১ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পরে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এছাড়া চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারী চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে মোট ৪০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম। তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষা কেবল সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সচেতনতা ও দেশপ্রেমের সঙ্গে জড়িত। চোরাচালান, মানবপাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তারা নিজেরা সীমান্ত আইন সম্পর্কে জানবে এবং সমাজের অন্যদেরও সচেতন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সীমান্ত আইন বিষয়ে বিশদ শিক্ষা না থাকায় শিক্ষার্থীদের মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বক্তব্য রাখেন। তারা বিজিবির এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে শিক্ষার্থীদের সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় একই স্থানে বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সেজানা খানের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।