ছবি: সংগৃহীত
সিলেট অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ কারণে সিলেট নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১টার মধ্যে সিলেটসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিকে সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।