প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ২২:৫৭ (শুক্রবার)
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

ছবি: বিপ্লব বিজয় তালুকদার।

রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টানা আট মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার এ কর্মকাণ্ড ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে বিবেচিত, যা শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে কর্মস্থলে অনুপস্থিত থাকার তারিখ অর্থাৎ ৬ অক্টোবর থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার বিরুদ্ধে নেওয়া সাময়িক বরখাস্তের আদেশ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কার্যকর হবে।