প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ২৩:৩৬ (শুক্রবার)
একদিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

একদিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২৬ জুন) সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি মাজার ব্যবস্থাপনা, মাদকবিরোধী কর্মসূচি, পূজা উদযাপন পরিষদের সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী। সকাল ৯টায় তিনি সিলেট সার্কিট হাউজে জেলার ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন সংক্রান্ত এক সভায় যোগ দেবেন।

এরপর সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সকাল সাড়ে ১১টায় নগরীর সারদা হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

দুপুর আড়াইটায় সিলেট শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রীর। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

উল্লেখ্য, গত মঙ্গলবার মন্ত্রীর সিলেট সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল।