কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও বাস্তবমুখী ও ফলপ্রসূ করতে মাঠপর্যায়ের কৃষকদের সরাসরি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২৬ জুন) সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী বলেন, শুধু ফাইলবন্দি পরিকল্পনা নয়, বরং কৃষকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ফসলভিত্তিক সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রী প্রতিটি ইউনিয়নের ব্লক সুপারভাইজারদের এলাকার মাটির গুণাগুণ, নিষ্কাশন ব্যবস্থা ও উপযোগী ফসলের ওপর ভিত্তি করে পৃথক প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। তিনি বলেন, মাঠপর্যায়ে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত স্থানীয়ভাবে সমাধান করতে হবে। যদি অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়, তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও নিরাপদ চাষাবাদ সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় সভা আয়োজনের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
কৃষিখাতের পাশাপাশি মন্ত্রী পোল্ট্রি ও ডেইরি শিল্পের সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি কর্মচারীদের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও সক্রিয় এবং জনমুখী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রায় ১ হাজার ৮০০ জন কৃষকের হাতে আমন ধানের বীজ ও সারসহ বিভিন্ন মৌসুমি সবজির বীজ, ফলের চারা এবং গাছের চারা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে একটি ইসিজি মেশিন হস্তান্তর করেন।