প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ ২১:১৬ (শনিবার)
জুবিন গর্গ মৃ ত্যু মামলায় নতুন মোড়

ছবি: জুবিন গর্গ।

ভারতীয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু মামলায় নতুন মোড় এসেছে। মামলার অন্যতম অভিযুক্ত এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে আসাম সরকারকে নোটিশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

গেলো মঙ্গলবার (২৩ জুন) বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ শ্যামকানু মহন্তর আবেদন শুনে আসাম সরকারকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে গত ২৯ মে গুয়াহাটি হাইকোর্ট শ্যামকানুর জামিন আবেদন খারিজ করে দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় তখন জামিন দেওয়ার উপযুক্ত সময় হয়নি।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে জুবিন গর্গের মৃত্যু হয়। এ ঘটনায় ৬০টির বেশি এফআইআর দায়ের করা হয়। পরে আসাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে শ্যামকানু মহন্তকে মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। এসআইটির দাখিল করা অভিযোগপত্রে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তবে একই ঘটনায় সিঙ্গাপুর পুলিশের পৃথক তদন্তে কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, মদ্যপ অবস্থায় লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রে নামার পর দুর্ঘটনাবশত ডুবে গিয়ে জুবিন গর্গের মৃত্যু হয়। সিঙ্গাপুরের আদালতও একই ধরনের পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

এখন আসাম সরকারের জবাব পাওয়ার পর শ্যামকানু মহন্তকে জামিন দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের সুপ্রিম কোর্ট।