ছবি: সংগৃহীত
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেট মহানগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি।
শুক্রবার (২৬ জুন) বিকেলে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সিলেট জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।’
তিনি আরও জানান, শিগগিরই সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে, যা পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ সম্পন্ন হবে। এছাড়া নগরবাসীর জন্য একটি উন্মুক্ত বিনোদন ও হাঁটার স্থান তৈরির পরিকল্পনাও সরকারের রয়েছে।
অনুষ্ঠানে সিলেট জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা-২০২৪ ও সম্মাননা-২০২৫ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদ এবং উত্তরীয় তুলে দেওয়া হয়।