প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ ১৯:৩১ (শনিবার)
বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ভ্রমণকারী অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারীদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে। সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়া বা করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে বর্তমান ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অনভিবাসী ভিসাধারীদের নিজেদের সব ধরনের ব্যয় নিজ দায়িত্বে বহন করার আর্থিক সক্ষমতা থাকতে হবে।

বার্তায় আরও বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা সেসবের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

মার্কিন দূতাবাস জানায়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ভিসা বাতিল করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তাকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে যাত্রা করার এবং সফরকালীন সব ধরনের ব্যয় নিজস্ব অর্থে বহনের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।