প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ ২০:২৫ (শনিবার)
সিলেটে পালিত হলো ‘অলিম্পিক ডে-২০২৬’

ছবি: সংগৃহীত

সিলেট: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্দেশনায় এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেটের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ‘অলিম্পিক ডে-২০২৬’ উদযাপন করা হয়েছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল- ‘You Can Do This! Let's Move’।

শনিবার (২৭ জুন) সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে অলিম্পিক ডে-২০২৬-এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে র‌্যালিতে অংশগ্রহণকারী সবাইকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রীড়াবিদ রেজাউল হাসান কয়েস লোদী।

বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. নূর হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসাইন আরমান।

এ সময় সিলেটের বিভিন্ন ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, রেফারি, আম্পায়ার, ক্লাব কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের শতাধিক খেলোয়াড় অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।