প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ ২০:৪০ (রবিবার)
ভারতে নারী সহকর্মীর চুমুকাণ্ডে বরখাস্ত পুলিশ কনস্টেবল

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের জালাউন জেলায় ডিউটির সময় এক নারী পুলিশ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ কনস্টেবল অরবিন্দ পটেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় ওই নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) জালাউনের পুলিশ সুপার বিনয় কুমার সিংহ এ সিদ্ধান্ত নেন।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কন্ট্রোল রুমে কম্পিউটারের সামনে বসে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল অরবিন্দ পটেল। এ সময় সাধারণ পোশাক পরিহিত এক নারী পুলিশ সদস্য কক্ষে প্রবেশ করে পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন। ভিডিওতে অরবিন্দকে চেয়ার ছেড়ে উঠে ওই নারী সদস্যের কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টাও করতে দেখা যায়।

জানা গেছে, বুধবার রাতে নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন ২০১৮ ব্যাচের কনস্টেবল অরবিন্দ, যিনি বর্তমানে কেরানির দায়িত্বে কর্মরত। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

ভিডিওটি ‘শ্বেতা শর্মা’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে। এরপরই স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয় এবং দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।