সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিচালিত ৩২ ঘণ্টার অভিযানে ১৬৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার (২৭ জুন) রাত ১২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আটককৃতদের মধ্যে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, হকার, চোর এবং সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। এছাড়া মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ীও কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা এবং নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকা উদ্ধার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
একই সময়ে ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করে। এতে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৮৮টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।