প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ ১৯:৫৪ (সোমবার)
বাবা-মায়ের ভরণপোষণ আইন সংশোধন হচ্ছে

ছবি: সংগৃহীত

বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে প্রণীত ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে আইনটি আরও কার্যকর করতে শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ডের বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার-এর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামতের ভিত্তিতে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটিকে যুগোপযোগী ও আরও কার্যকর করতে শাস্তির মেয়াদ, জরিমানা এবং কারাদণ্ডের বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

এদিকে একই অধিবেশনে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক বিবেচনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা-র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের বিভিন্ন সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে।

মন্ত্রী জানান, প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের ভাতাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করতে এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী একটি শুদ্ধি অভিযান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ভাতাভোগীদের বর্তমান তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের লক্ষ্যে গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে যাচাই কার্যক্রম পরিচালনা করছে।