ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুর্গম হাওরাঞ্চলের আন্তপুর নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে একটি নৌকা উপহার দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে বিদ্যালয়ের আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে সাঁতরে বিদ্যালয়ে আসতে হতো। নতুন এই নৌকাটি তাদের নিরাপদ যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২৭ জুন) দুপুর ২টায় বিদ্যালয় পরিদর্শন শেষে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এসএসসি ৮৮ ব্যাচের কয়েকজন বন্ধুর অর্থায়নে কেনা নৌকাটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
নৌকা প্রদানে অর্থায়ন করেন জাফর সাদেক শাকিল, ফয়সল মহসিন, সাম্মাক রেজা চৌধুরী তাকিম, মামনুন আহমেদ এবং সামসুদ্দীন আহমেদ বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার খানম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ভূমিদাতা মো. আব্দুস সাত্তার, আলী উসমান বাদল, জাফর সাদেক শাকিল, ফয়সল মহসিন, সাম্মাক রেজা চৌধুরী তাকিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার খানম বলেন, বর্ষাকালে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে বিদ্যালয়ে আসে। অনেকেই সাঁতরে আসতে বাধ্য হওয়ায় উপস্থিতির হার কমে যায়। নৌকাটি শিক্ষার্থীদের যাতায়াত সহজ করবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সহায়ক হবে।
জাফর সাদেক শাকিল বলেন, শিশুদের দুর্ভোগের কথা জেনে তারা এই উদ্যোগ নিয়েছেন। হাওরাঞ্চলের আরও অনেক বিদ্যালয়ে একই ধরনের সমস্যা রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের অন্তত এক হাজার গ্রামে কোনো বিদ্যালয় নেই। যাতায়াতের চরম দুর্ভোগের কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না, ফলে অনুপস্থিতি ও ঝরে পড়ার হার বেড়ে যায়।
তিনি হাওরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো, বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে প্রচলিত দূরত্বের শর্ত শিথিল করা এবং শিশুদের নিরাপদ শিক্ষা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।