ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে চারজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে একই অধিদপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির প্রধান (অতিরিক্ত আইজি) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এপিবিএনের ডিআইজি (এফডিএমএন) প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) ডিআইজি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের ডিআইজি (এফডিএমএন), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিটিসির ডিআইজি, ঢাকা এসবির ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানকে র্যাবের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছার ২য় এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে মুক্তাগাছার ২য় এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে রাজশাহী সারদা বিপিএর অতিরিক্ত ডিআইজি এবং নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, খুলনা কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার, ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. শহীদুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।