ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে এবং পরীক্ষাগারে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে।
রোববার (২৮ জুন) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
মারা যাওয়া শিশুর নাম ফারিয়ান (৭ মাস)। সে সুনামগঞ্জ সদর উপজেলার চাঁদপুর এলাকার পাভেলের ছেলে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৭ জুন) সকাল থেকে রোববার (২৮ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৫৭ জন হামে আক্রান্ত ও সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালভিত্তিক রোগীর সংখ্যা হলো- সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৭ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ২ জন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সিলেট লায়ন্স হাসপাতালে ৫ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩৭৮ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।