প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ ২১:৪৩ (সোমবার)
‘সত্তরে হ্যারল্ড’, তিনদিনের বর্ণাঢ্য আয়োজনে শিল্প-সুরের উৎসব

ছবি: সংগৃহীত

রং, রেখা ও সুরের অনন্য সাধক শিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরীর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ‘শিল্পী হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদ’। ‘সত্তরে হ্যারল্ড’ শীর্ষক এ আয়োজন শুরু হবে সোমবার (২৯ জুন) এবং চলবে বুধবার (১ জুলাই) পর্যন্ত।

চিত্রকলা ও সংগীত- দুই ক্ষেত্রেই দীর্ঘ সৃজনযাত্রায় নিজস্ব স্বকীয়তা গড়ে তোলা এই শিল্পীর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে একক চিত্রপ্রদর্শনী, শিল্পী-আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন এবং শিক্ষার্থীদের সম্মিলিত চিত্রপ্রদর্শনী।

আয়োজকরা জানান, সোমবার (২৯ জুন) বিকেল ৫টায় নগরের টিবি গেইট এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসের অরবিন্দ দাসগুপ্ত ভবনে হ্যারল্ড রশীদের একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। বুধবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

দ্বিতীয় দিন, মঙ্গলবার (৩০ জুন) শিল্পীর ৭০তম জন্মদিনে একই ভেন্যুতে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিকথন এবং শিল্পীকে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন।

উৎসবের শেষ দিন বুধবার (১ জুলাই) বিকেল ৫টায় নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজে হ্যারল্ড রশীদের শিক্ষার্থীদের সম্মিলিত চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনীটি রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

শিল্পীর দীর্ঘ সৃজনযাত্রাকে সম্মান জানাতে এ আয়োজনে অংশ নেবেন দেশের প্রখ্যাত শিল্পী আবুল বারাক আলভী, শিশির ভট্টাচার্য্য ও নিসার হোসেন।

আয়োজকরা জানান, শিল্পী হ্যারল্ড রশীদের শিল্পকর্ম, জীবনদর্শন ও সৃজনচর্চার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করিয়ে দিতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিল্প, সুর ও সৌন্দর্যের এই উৎসবে অংশ নিতে সংস্কৃতিপ্রেমী ও সর্বস্তরের মানুষের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।