ছবি: প্রতীকী
ইতালির আগ্রিজেন্তো শহরে পাঁচ বাংলাদেশি যুবককে যৌন নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
প্রাথমিক শুনানিতে বিচারক মিশেল ডুবিনি এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি এলেত্রা কনসোলি দ্রুত বিচার প্রক্রিয়ায় দণ্ড কমিয়ে ১২ বছর ৪ মাস কারাদণ্ডের আবেদন করলেও আদালত আরও কঠোর অবস্থান নিয়ে অভিযুক্তকে ১৪ বছরের কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়, পরিবার-পরিজন ছাড়া ইতালিতে আসা পাঁচ বাংলাদেশি যুবকের অসহায় অবস্থার সুযোগ নেন অভিযুক্ত। তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে নিজের বাসা বা আশপাশে আশ্রয় দেন এবং প্রথমে তাদের বিশ্বাস অর্জন করেন। পরে বিভিন্ন অজুহাতে ডেকে নিয়ে সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের যৌন নিপীড়ন করেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনাগুলো ২০২৪ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে সংঘটিত হয়। ভুক্তভোগীদের বয়স ছিল ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। একটি ঘটনায় অভিযুক্ত একজন ভুক্তভোগীকে আত্মরক্ষার সক্ষমতা কমিয়ে দিতে জোরপূর্বক মদ্যপান করান বলেও অভিযোগ রয়েছে।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, ২০২৫ সালের ২১ জানুয়ারি থানায় তথ্যদাতা হিসেবে তলব করা এক ভুক্তভোগীকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন অভিযুক্ত। অভিযোগে বলা হয়, তিনি ভুক্তভোগীকে কাউকে কিছু না বলতে এবং সাক্ষ্য দিলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে ভয় দেখান।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সালভাতোরে পেনিকা আদালতে দাবি করেন, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ নেই। তিনি অভিযুক্তের খালাসের আবেদন জানান। বিকল্প হিসেবে গুরুতর অভিযোগগুলো বিবেচনায় না নেওয়া এবং ইলেকট্রনিক নজরদারির আওতায় গৃহবন্দি রাখার আবেদনও করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।
বর্তমানে দণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশি ইতালির কারাগারে রয়েছেন।