প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ ১৩:২৯ (বৃহস্পতিবার)
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ/ত্যু

সিলেটে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।

সোমবার সকালে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, মৃত শিশুটির বয়স মাত্র সাত মাস। সে সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। রোববার সকাল থেকে সোমবার সকাল ৮টার মধ্যে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

স্বাস্থ্য বিভাগের নিয়মিত প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯০ জন হম আক্রান্ত বা এই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৮০ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সরকারি রেকর্ড অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৭ জনের মৃত্যু হলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। সব মিলিয়ে এই অঞ্চলে হাম পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়াচ্ছে।