সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও ‘জিনিয়া টিম’-এর বিশেষ তৎপরতায় উদ্ধার হওয়া ৬৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
হারানো মোবাইল ফোন উদ্ধারের জন্য গত ২২ ফেব্রুয়ারি বিশেষ টিম গঠনের পর থেকে এ পর্যন্ত গোয়েন্দা পুলিশ সর্বমোট ২৩০টি হ্যান্ডসেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের প্রিয় ফোনটি ফিরে পেয়ে সাধারণ গ্রাহকরা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোবাইল হস্তান্তরকালে পুলিশ কমিশনার সাধারণ মানুষকে পুরোনো ফোন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং আইএমইআই নম্বর যাচাই না করে কোনো ডিভাইস না কেনার অনুরোধ জানান।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার সিলেট নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, গত ২৭ জুন কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় এক বিশেষ অভিযানে কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ীসহ ৩০ জনকে আটক করা হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে সাজা দেওয়া হয়েছে এবং পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেন।