বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে গত ১৭ বছরের ফ্যাসিবাদী প্রভাব থেকে মুক্ত করে জনগণের জন্য একটি প্রকৃত কল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার করেছেন সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। সোমবার সকালে আকাশপথে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। ব্যারিস্টার সালাম বলেন, “রেড ক্রিসেন্ট হবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারের মানবিক কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে আমরা এই সংস্থাকে নতুনভাবে প্রস্তুত করছি।”
সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। ব্যারিস্টার সালাম তার বক্তব্যে উল্লেখ করেন যে, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, বরং এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক আন্দোলন। প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার প্রশংসা করে তিনি যুব সমাজকে আগামী দিনে আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ করে রক্তদান কর্মসূচি ও চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। সভায় আরও বক্তব্য রাখেন সিলেট ইউনিটের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির শাহীসহ জেলা ও মহানগর রেড ক্রিসেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপি ও রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।