প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ ১৮:৫৬ (মঙ্গলবার)
মঙ্গলবার সিলেটে পৌঁছাবে কাতারে দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং, দোহা থেকে পাঠানো এক সংবাদ বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিবরণীতে বলা হয়, গত ২১ জুন (রোববার) সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহত সবাই সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন- গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাধবপুর গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আখালতক গ্রামের জসিম উদ্দিন এবং আমস্বরপুর গ্রামের জিবাল আহমেদ।

বাংলাদেশ দূতাবাস জানায়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে সোমবার (২৯ জুন) রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো দেশে পাঠানো হয়েছে।

ফ্লাইটটি মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। মরদেহ গ্রহণ এবং স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করতে তারা প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।