প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ ১১:৪৪ (বুধবার)
কাতারে নিহ/ত ৫ সিলেটি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের পাঁচ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মরদেহ অবশেষে দেশে ফিরেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিহতদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়; প্রিয়জনদের হারিয়ে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস।

বিমানবন্দরে প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো অ্যাম্বুলেন্সযোগে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। এ সময় নিহতদের শ্রদ্ধা জানাতে ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান।

ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের দাফন ও শেষকৃত্যের জন্য প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে বোর্ড থেকে আরও ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে নিহত পাঁচ প্রবাসীর সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। এই অপূরণীয় ক্ষতিতে পুরো কানাইঘাট উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।