ছবি: আবু বকর আল আমিন, প্যারিস, ফ্রান্স।
ফ্রান্সে সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স–এর নেতৃত্ব ও অর্থব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ জানিয়েছেন সংগঠনটির আজীবন সদস্য ও সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দ।
২৮শে জুন (রবিবার) বিকেলে, প্যারিসের লিগ্যাল এইড হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে জালালাবাদ অ্যাসোসিয়েশন, ফ্রান্স।
শুরুতে আহ্বায়ক আলতাফুর রহমান সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। এরপর কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও সংগঠনের সাবেক সহ-সভাপতি আজাদ মিয়া লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ, অনিয়ম এবং পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তুলে ধরেন।
তাদের অভিযোগ, বর্তমান সভাপতি দীর্ঘদিন ধরে ফ্রান্সের বাইরে অবস্থান করছেন, কিন্তু পদে বহাল রয়েছেন। অন্যদিকে, সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় ৮ বছর ধরে সংবিধান অনুযায়ী কোনো কার্যক্রম বা নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করছেন না বলে তারা দাবি করেন।
আর্থিক প্রসঙ্গে আরও কঠোর সমালোচনা উঠেছে। তারা জানান, সংগঠনের নামে কোনো ব্যাংক হিসাব নেই। বিশেষ করে, ২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যায় সংগৃহীত তহবিল এখনো বণ্টন করা হয়নি, যা নিয়ে প্রবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
নানান জটিলতার সমাধানের লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সি এম কায়েস সামি ফ্রান্সে এসে সরেজমিনে দেখে যাবার পরও কোন সুনির্দিষ্ট সমাধান দিতে না পারার পিছনে কোন দূর্বলতা আছে কি না, এমন প্রশ্নও তুলেন সংবাদ সম্মেলনে কেউ কেউ।
সংকট নিরসনে চলতি বছর ১০০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তাই ক্ষুব্ধ নেতৃবৃন্দ আগামী ৩০ই আগস্ট একটি বিশেষ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কর্মসূচি ঘোষণা করেছেন।
বক্তারা জানান, জালালাবাদ এসোসিয়েশন ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বব্যাপী তুলে ধরা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ সংগঠনের বিভিন্ন দেশের মতো ফ্রান্সেও ২০১৮ সালে একটি শাখা গঠন করা হয়। পরে ফ্রান্সের প্রচলিত অ্যাসোসিয়েশন আইন অনুযায়ী সংগঠনটি নিবন্ধিত হয় এবং একটি সংবিধান প্রণয়ন করা হয়।