ছবি: সংগৃহীত
ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের ‘টাইম স্লট’ নির্বাচন নিয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। আগামী ১ জুলাই থেকে আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো সময় বেছে নিতে পারবেন না। এর পরিবর্তে পদ্ধতিগতভাবে স্বয়ংক্রিয় উপায়ে আবেদনকারীদের সময় বরাদ্দ দেওয়া হবে।
আইভ্যাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বুধবার (১ জুলাই) থেকে বাংলাদেশের সবকটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নতুন এই ব্যবস্থায় আবেদনপত্র জমা দেওয়ার সময় সিস্টেম থেকে ক্রমানুসারে এবং কেন্দ্রগুলোর দৈনিক ধারণক্ষমতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে একটি সময় (টাইম স্লট) বরাদ্দ করা হবে। ফলে আবেদনকারীদের আলাদাভাবে আর সময় বাছাই করতে হবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল এবং সহজতর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনকারীদের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মূলত সময়মতো আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেই এই নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে আইভ্যাক কর্তৃপক্ষ।