ব্রিটেনের কেন্টে জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মেডওয়ে বাঙালি কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা।
গেলো ২৮ জুন (রোববার) স্থানীয় সেন্ট জন ফিশার স্কুল মিলনায়তনে আয়োজিত এই মেলায় প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো উৎসবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। প্রবাসী প্রজন্মের কাছে শেকড়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
মেডওয়ে বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই মেলায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। গান, নৃত্য, নাটিকা ও কবিতা আবৃত্তিতে মেতে ওঠেন আগত পাঠকরা। বিশেষ করে তানজিনার নৃত্য-কোরিওগ্রাফি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তদারকিতে ছিলেন বিশিষ্ট প্লেব্যাক সিঙ্গার সিমি সিফাত, মোঃ রবিন ও মিনু রায়।
মেলায় দেশীয় খাবারের স্টল এবং বিভিন্ন প্রদর্শনী ছিল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্ট এলাকার রাজার সহকারী প্রতিনিধি (ডেপুটি লেফটেন্যান্ট) ড. জিলিয়ান ফার্গার বলেন, ‘বাংলাদেশি কমিউনিটি তাদের সমৃদ্ধ সংস্কৃতি ও আতিথেয়তার মাধ্যমে এই সমাজকে ঋদ্ধ করছে। নতুন প্রজন্মের কাছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডওয়ের মেয়র ডগলাস হামানদিশে, ব্রিটিশ সংসদ সদস্য ক্রিস ওসবোর্ন, বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী এবং কাউন্সিলর মারিয়ান মেস্তোরভসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ডা. মাহমুদুল হাসান রাহাত ও অ্যাডভোকেট এমদাদুল হক চঞ্চল। তারা বলেন, সফল এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এক নতুন সেতুবন্ধন তৈরি হলো। দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন, প্রদীপ রায় ও শাহনাজ।
বক্তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।