প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ ২৩:০৬ (বুধবার)
বাংলায় আসছে মেগাসিরিজ ‘সালাহউদ্দিন আইয়ুবি’

ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং পবিত্র জেরুজালেমের মহান বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির অসাধারণ বীরত্বগাথা এবার দেখা যাবে বাংলা ভাষায়। তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নাগরিক টিভি’ ও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’।

আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বৈকালিক ও নৈশকালীন বাংলা সম্প্রচার শুরু হতে যাচ্ছে। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সময়সূচি অনুযায়ী, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে সিরিজটি সরাসরি দেখা যাবে। এছাড়া যারা টিভিতে মিস করবেন, তাদের জন্য একই দিন রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে এটি অবমুক্ত করা হবে।

ঐতিহাসিক এই সিরিজের মূল উপজীব্য হলো দ্বাদশ শতাব্দীতে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম পুনরুদ্ধারের রক্তক্ষয়ী ও গৌরবোজ্জ্বল সংগ্রাম। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি কীভাবে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও ন্যায়বিচারের শাসন ব্যবস্থা কেমন ছিল, তা নিপুণভাবে ফুটে উঠেছে এই গল্পে। তুরস্কের বর্তমান সময়ের অন্যতম মেগা প্রোডাকশন এই সিরিজটিতে ব্যবহার করা হয়েছে বিশাল সেট, উন্নত সিনেমাটোগ্রাফি এবং বাস্তবধর্মী যুদ্ধদৃশ্য, যা দর্শকদের প্রাচীন ঐতিহাসিক আবহে নিয়ে যাবে।

নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘আমরা সব সময় দর্শকদের রুচিশীল ও বিশ্বমানের কনটেন্ট উপহার দিতে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় সুলতান সালাহউদ্দিন আইয়ুবির এই ঐতিহাসিক সিরিজটি নিয়ে আসা। আমাদের বিশ্বাস, এই সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য একটি ভিন্নমাত্রার বিনোদন ও শিক্ষণীয় অভিজ্ঞতা তৈরি করবে।’