ছবি: ইমজা নিউজ
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স। এই বিশেষ অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও নৌকা ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে অবৈধ তৎপরতায় জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর এবং লুনী গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন অভিযানের নেতৃত্ব দেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ড্রেজার মেশিনের পাশাপাশি বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে বিকল করে দেওয়া হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, অপরাধ সঙ্ঘটনের দায়ে আটককৃত দুইজনকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, এই অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে কোনো আপস করা হবে না। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী জনপদ ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। এ ধরনের অবৈধ তৎপরতা চিরতরে বন্ধ করতে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।